সৌদি আরবের রিয়াদ সংলগ্ন আল-খারজ এলাকায় গতকাল রোববার (৮ মার্চ) ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত দুই ব্যক্তির পরিচয় নিশ্চিত করেছে সৌদি কর্তৃপক্ষ। শুরুতে একজন ভারতীয় ও একজন বাংলাদেশি নিহত হওয়ার খবর ছড়ালেও পরবর্তীতে রিয়াদস্থ ভারতীয় দূতাবাস ও সৌদি সিভিল ডিফেন্স দপ্তরের পুনঃতদন্তে নিশ্চিত হওয়া গেছে যে, প্রাণ হারানো দুজনই বাংলাদেশি নাগরিক।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় দূতাবাস বিষয়টি নিয়ে অধিকতর তদন্তের পর জানায় যে নিহতদের মধ্যে তাদের কোনো নাগরিক নেই, যার প্রেক্ষিতে সৌদি কর্তৃপক্ষ তথ্যটি সংশোধন করে মৃত দুজনকে বাংলাদেশি হিসেবে শনাক্ত করে।
মধ্যপ্রাচ্যে চলমান এই সংঘাতে এ নিয়ে এ পর্যন্ত চারজন বাংলাদেশি নাগরিক প্রাণ হারালেন। এর আগে সংযুক্ত আরব আমিরাতের আজমান এবং বাহরাইনের সালমান ইন্ডাস্ট্রিয়াল এলাকায় একজন করে বাংলাদেশির মৃত্যু হয়েছিল। বর্তমান এই সংকটকালে এখন পর্যন্ত বাংলাদেশের চারজন ছাড়াও ২ জন পাকিস্তানি, ১ জন নেপালি এবং ৩ জন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। ভারতীয়দের মৃত্যু হয়েছে মূলত সমুদ্রপথে জাহাজ চলাচলের সময় চালানো ইরানি হামলায়।
গত ২৮ ফেব্রুয়ারি পশ্চিম এশিয়ায় সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরান অন্তত ৯টি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে, যার প্রতিটিতেই ভারতীয় ক্রু সদস্য ছিলেন। বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে সৌদি আরব ও আরব আমিরাতসহ সংশ্লিষ্ট দেশগুলোতে অবস্থানরত প্রবাসীদের সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে।
বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেটগুলোর পক্ষ থেকে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।