পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল সোমবার (১৬ মার্চ) এই মহিমান্বিত রজনী পালিত হবে। এ উপলক্ষে আজ রোববার (১৫ মার্চ) দেওয়া এক বাণীতে তিনি এই শুভেচ্ছা জানান।
প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, ‘লাইলাতুল কদর একটি মহিমান্বিত ও বরকতময় রাত। পবিত্র কুরআনুল কারিম রমজান মাসের এই মহিমান্বিত রাতেই অবতীর্ণ হয়েছে। মহান আল্লাহ তাআলা এই রাতকে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন, যা মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমতের বার্তা নিয়ে আসে।’
তারেক রহমান উল্লেখ করেন, এই রাতে ইবাদত-বন্দেগি, তওবা ও প্রার্থনার মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভের এক অনন্য সুযোগ তৈরি হয়। তিনি আরও বলেন, রমজান মাস হলো সংযম, আত্মশুদ্ধি ও মানবিক গুণাবলি জাগরণের সময়। লাইলাতুল কদরের শিক্ষা আমাদের ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে শান্তি, ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠায় অনুপ্রাণিত করে।
প্রধানমন্ত্রী সবাইকে এই রাতের তাৎপর্য অনুধাবন করে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে বেশি বেশি ইবাদত করার এবং মানবকল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান। বাণীতে তিনি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন, তিনি যেন এই রাতের রহমত ও বরকত সবার ওপর বর্ষণ করেন এবং দেশ ও জাতিকে অগ্রগতি ও শান্তির পথে পরিচালিত করেন।