ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধের ভয়াবহতার মধ্যে আটকে পড়া বাংলাদেশিদের প্রথম দলটি আজারবাইজানের রাজধানী বাকু থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। স্থানীয় সময় আজ শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টা) বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট ১৮৬ জন যাত্রীকে নিয়ে বাকুর হায়দার আলিয়েভ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
তুরস্কে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের উপ-মিশনপ্রধান মোহাম্মদ শাহনূর আলী মুঠোফোনে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এই বিশেষ ফ্লাইটে ১১ জন নারী, ১০টি শিশু এবং ১৬৫ জন পুরুষ রয়েছেন। এই উদ্ধার প্রক্রিয়ায় তেহরানসহ ইরানের বিভিন্ন প্রান্ত থেকে আটকে পড়া বাংলাদেশিদের সীমান্ত পর্যন্ত পৌঁছে দিতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করেছে।
আটকে পড়া নাগরিকদের দেশে ফেরানোর বিষয়টি তদারকির জন্য গত বুধবার তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজারবাইজানে পৌঁছায়। প্রতিনিধিদলটি গতকাল বৃহস্পতিবার সকালে আজারবাইজানের আস্তারা সীমান্তে ১৮৬ জন বাংলাদেশিকে স্বাগত জানায় এবং পরে তাঁদের বাসে করে বাকুর বিমানবন্দরে নিয়ে আসা হয়।
রাষ্ট্রদূত এম আমানুল হক জানান, বাংলাদেশ সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় এই উদ্ধার মিশন সফল হয়েছে। যুদ্ধের কারণে উদ্ভূত পরিস্থিতিতে প্রবাসীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই এখন সরকারের অগ্রাধিকার। বাকুর বিমানবন্দরে অবস্থানকালে দূতাবাসের কর্মকর্তারা যাত্রীদের প্রয়োজনীয় সহায়তা ও সাহস প্রদান করেন।