জাতীয় ছাত্রশক্তি বাগেরহাট জেলা আহ্বায়ক সায়মন শমিত জিয়নকে গুলি করে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। জেলার মোরেলগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে তাঁর বাড়ির গেটে ঝুলিয়ে রাখা একটি চিরকুটে এই হুমকি দেওয়া হয়। গত মঙ্গলবার গভীর রাতে চিরকুটটি রেখে যাওয়া হয়েছে বলে জানান তিনি।
ঘটনার পরদিন এ বিষয়ে মোরেলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন সায়মন শমিত জিয়ন। রোববার জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক শেখ বাদশা সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকির ওই চিরকুটের ছবি পোস্ট করলে বিষয়টি প্রকাশ্যে আসে।
সায়মন শমিত জিয়ন বলেন, ২৩ ডিসেম্বর রাত আনুমানিক ১১টা ২৫ মিনিটে প্রতিদিনের মতো বাড়ি ফেরার সময় তিনি মূল গেটের সঙ্গে ঝুলিয়ে রাখা একটি চিরকুট দেখতে পান। কাগজটি খুলে সেখানে লেখা ছিল—‘সায়মন জিয়ন। তোর পুরস্কার গুলিতে মৃত্যু। দাফন-কাফনের জন্য তৈরি হ। জুলাই... জয় বাংলা জয় বঙ্গবন্ধু।’
চিরকুটের ভাষা ও হুমকির ধরন দেখে তিনি এটিকে পরিকল্পিত হত্যার হুমকি বলে মনে করছেন।
তিনি বলেন, ‘আমরা জুলাইয়ে রাজপথে ছিলাম, গুলির মুখোমুখি হয়েই স্বৈরাচার পতনের আন্দোলন করেছি। এসব হুমকি-ধমকিতে আমরা ভয় পাই না। মৃত্যুর ভয় দেখিয়ে আমাদের থামানো যাবে না। দেশের জন্য আমরা যে কাজ করেছি এবং ভবিষ্যতেও যে কাজ করব, তা অব্যাহত থাকবে।’ তিনি আরও বলেন, ‘কিছুদিন আগে জুলাই আন্দোলনের সম্মুখসারির যোদ্ধা শরিফ ওসমান হাদি ভাইকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। তিনি আজ জাতির কাছে শহীদ। তিনি জুলাইকে ধারণ করেই শহীদ হয়েছেন, জুলাইকে বিক্রি করেননি। আমরাও সেই পথেই হাঁটতে চাই।’
তবে হুমকির ঘটনায় পরিবারে আতঙ্ক বিরাজ করছে জানিয়ে সায়মন শমিত জিয়ন বলেন, ‘আমি বিষয়টি তেমন গুরুত্ব না দিলেও পরিবারের সবাই খুবই উদ্বিগ্ন।’
এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, চিরকুটের মাধ্যমে হত্যার হুমকির ঘটনায় একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। জিডির ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং সংশ্লিষ্টদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।