মাসিক মূল্য অপরিবর্তিত রেখে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) তাদের সব বিদ্যমান ইন্টারনেট প্যাকেজে উল্লেখযোগ্য হারে গতি বাড়িয়েছে। নতুন এই সিদ্ধান্তের ফলে গ্রাহকেরা আগের তুলনায় বহুগুণ দ্রুতগতির ইন্টারনেট সেবা পাবেন।
গ্রাহকদের জন্য আরও উন্নত ও মানসম্মত ডিজিটাল সেবা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। রোববার (১১ জানুয়ারি) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, একই খরচে গতি বৃদ্ধির ফলে অনলাইন শিক্ষা, অফিসিয়াল কাজ, ভিডিও স্ট্রিমিং, গেমিংসহ বিভিন্ন স্মার্ট সেবা ব্যবহারে নতুন সম্ভাবনা তৈরি হবে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী বিটিসিএলের প্রায় সব জনপ্রিয় প্যাকেজেই কয়েক গুণ পর্যন্ত গতি বাড়ানো হয়েছে। ৩৯৯ টাকার ৫ এমবিপিএসের ‘সুলভ-৫’ প্যাকেজটি এখন ২০ এমবিপিএস গতির ‘সাশ্রয়ী-২০’ প্যাকেজে রূপান্তরিত হয়েছে। ৫০০ টাকায় ১২ এমবিপিএসের ‘সুলভ-১২’ এখন পাওয়া যাবে ২৫ এমবিপিএস গতিতে ‘সাশ্রয়ী-২৫’ নামে। একই দামে ১৫ এমবিপিএসের ‘ক্যাম্পাস-১৫’ প্যাকেজে গতি বেড়ে হয়েছে ৫০ এমবিপিএস, যার নতুন নাম ‘ক্যাম্পাস-৫০’।
এ ছাড়া ৮০০ টাকার ‘সুলভ-১৫’ প্যাকেজে গতি বাড়িয়ে ৫০ এমবিপিএস করা হয়েছে। ১ হাজার ৫০ টাকায় ২০ এমবিপিএসের প্যাকেজটি এখন ১০০ এমবিপিএস গতির ‘সাশ্রয়ী-১০০’। ১ হাজার ১৫০ টাকায় ২৫ এমবিপিএসের ‘সুলভ-২৫’ প্যাকেজে গতি বেড়ে হয়েছে ১২০ এমবিপিএস। একইভাবে ১ হাজার ৩০০ টাকার প্যাকেজে গতি বাড়িয়ে ১৩০ এমবিপিএস, ১ হাজার ৫০০ টাকার প্যাকেজে ১৫০ এমবিপিএস এবং ১ হাজার ৭০০ টাকার প্যাকেজে সর্বোচ্চ ১৭০ এমবিপিএস গতি নির্ধারণ করা হয়েছে।
বিটিসিএলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই উদ্যোগের মাধ্যমে গ্রাহকদের জন্য আরও নির্ভরযোগ্য, দ্রুত ও মানসম্মত ইন্টারনেট সেবা নিশ্চিত করা সম্ভব হবে। একই সঙ্গে এটি দেশের চলমান ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নিতে সহায়ক হবে। গ্রাহক সন্তুষ্টিকে অগ্রাধিকার দিয়ে ভবিষ্যতেও এ ধরনের গ্রাহকবান্ধব উদ্যোগ অব্যাহত রাখার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।