দেশের বাজারে সোনার দামে বড় ধরনের ধস নেমেছে। মাত্র ছয় ঘণ্টার ব্যবধানে দুই দফায় ভরিতে ১৫ হাজার ৩৩৮ টাকা দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। দেশের ইতিহাসে এক দিনে এত বিপুল পরিমাণ দাম কমার ঘটনা এবারই প্রথম। নতুন এই সমন্বয়ের ফলে ভালো মানের এক ভরি সোনার দাম এখন আড়াই লাখ টাকার নিচে নেমে এসেছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় প্রথম দফায় ভরিপ্রতি ২২ ক্যারেট সোনার দাম ৭ হাজার ৬৪০ টাকা কমানো হয়। এর কয়েক ঘণ্টা পর বিকেল পৌনে ৪টার দিকে দ্বিতীয় দফায় আরও ৭ হাজার ৬৯৮ টাকা কমানোর ঘোষণা দেয় বাজুস। আন্তর্জাতিক বাজারে বড় দরপতন এবং দেশের বুলিয়ন মার্কেটে তেজাবি সোনার দাম কমে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সমিতি।
নতুন নির্ধারিত দর অনুযায়ী, আজ বিকেল পৌনে ৪টা থেকে ২২ ক্যারেটের এক ভরি সোনা ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকায় বিক্রি হচ্ছে। এর আগে গতকাল পর্যন্ত এই মানের সোনার দাম ছিল ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট সোনা ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ২ হাজার ২০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকায় দাঁড়িয়েছে। তবে গয়না কেনার ক্ষেত্রে এই মূল্যের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট যুক্ত হবে।
মূলত আন্তর্জাতিক বাজারে বড় দরপতনই দেশের বাজারে এই প্রভাব ফেলেছে। আজ নিউইয়র্ক স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম এক দিনেই ২০৫ ডলার কমেছে, যার ফলে প্রতি আউন্সের বর্তমান দাম দাঁড়িয়েছে ৪ হাজার ৬৮৬ ডলার। বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বাড়তে থাকায় দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে—এমন আশঙ্কায় বিনিয়োগকারীরা এখন ডলারের দিকে ঝুঁকছেন। সাধারণত ডলারে বিনিয়োগের আকর্ষণ বাড়লে সোনার চাহিদা ও দাম কমে যায়।
সোনার পাশাপাশি রুপার দামও দুই দফায় ভরিতে ৭০০ টাকা কমানো হয়েছে। এতে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম দাঁড়িয়েছে ৫ হাজার ৩৬৫ টাকা, যা গতকালও ছিল ৬ হাজার ৬৫ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স সমিতির সোনা নির্ধারণ কমিটির চেয়ারম্যান দেওয়ান আমিনুল ইসলাম জানান, বিশ্ববাজারে সোনার দাম আউন্সপ্রতি ৪ হাজার ৫০০ ডলারে নেমে এলে দেশেও দাম আরও কমতে পারে। দীর্ঘদিনের মন্দার পর এক দিনে ১৫ হাজার টাকা দাম কমানোর ফলে ক্রেতাদের জন্য এটি একটি বড় সুযোগ বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।