দীর্ঘ ২৭ বছর পর পর্দায় ফিরছে বলিউডের আলোচিত যুদ্ধভিত্তিক সিনেমা বর্ডার টু। সদ্য প্রকাশিত ট্রেলার ইতোমধ্যে দর্শকের দৃষ্টি কেড়েছে অ্যাকশন ও দেশাত্মবোধক আবহে; তবে ট্রেলারের কয়েকটি সংলাপ ঘিরে শুরু হয়েছে তীব্র আলোচনা ও বিতর্ক।
গত বৃহস্পতিবার মুক্তি পাওয়া তিন মিনিট ৩৫ সেকেন্ডের ট্রেলারে দেখা যায় যুদ্ধের ময়দান, সামরিক কৌশল, ভারী অস্ত্রের ব্যবহার ও প্রেম–ভালোবাসার ছোঁয়া। যুদ্ধক্ষেত্রে ভারতীয় সেনাদের দৃঢ় উপস্থিতি ও গর্জে ওঠা সংলাপ ট্রেলারের মূল আকর্ষণ হয়ে উঠেছে।
সিনেমাটিতে মেজর চাঁদপুরী নামের এক সেনার চরিত্রে অভিনয় করেছেন সানি দেওল। ট্রেলারে মেজর চাঁদপুরী হুঙ্কার ছুড়ে বলেন, ‘আমাদের গর্জন যেন লাহোর অবধি শোনা যায়…।’ এখানেই থামেনি বিতর্ক। একটি দৃশ্যে পাকিস্তানকে উদ্দেশ করে সানিকে বলতে শোনা যায়, ‘তোমরা আমাদের কী হারাবে? আরে, তোমাদের পাকিস্তানে তত মানুষ নেই, যতগুলো ছাগল আমাদের এখানে ঈদে কোরবানি হয়…।’
এই সংলাপকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। পাকিস্তানি দর্শকদের একাংশ এ বক্তব্যকে আপত্তিকর বলে মন্তব্য করলেও, অন্যদিকে কেউ কেউ বলছেন—ভারতের যুদ্ধ-হুংকার বাস্তবে নয়, বরং বলিউডের পর্দাতেই সীমাবদ্ধ। বিপরীতে, ভারতীয় দর্শকদের বড় একটি অংশ সানি দেওলের সংলাপকে দেশাত্মবোধক জয়গান হিসেবেই দেখছেন।
অনুরাগ সিং পরিচালিত এই সিনেমায় সানি দেওলের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্ঝ ও আহান শেঠি। একঝাঁক তারকার উপস্থিতিতে ‘বর্ডার টু’কে ঘিরে প্রত্যাশাও তুঙ্গে।
সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের প্রজাতন্ত্র দিবসের আগে, আগামী ২৩ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘বর্ডার টু’। ট্রেলার ঘিরে শুরু হওয়া আলোচনা শেষ পর্যন্ত বক্স অফিসে কী প্রভাব ফেলে—সে দিকেই এখন নজর দর্শকদের।