এক বছর আগে গায়ক ও অভিনেতা তাহসান রহমান খান এবং মেকআপ আর্টিস্ট রোজা আহমেদ-এর বিয়ের ঘোষণায় চমক তৈরি হয়েছিল। তবে বছর না ঘুরতেই এই দম্পতির বিচ্ছেদের খবরে ভক্তদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়ে। বিষয়টি প্রকাশের পর কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল এই ঘটনা।
বিচ্ছেদ প্রসঙ্গে তাহসান বক্তব্য দিলেও রোজা আহমেদ প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। এমনকি বিচ্ছেদের খবর সামনে আসার পরও নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তাহসানের ছবি রেখে দিয়েছিলেন তিনি। পাশাপাশি নিজের নামের সঙ্গে যুক্ত রাখা হয়েছিল ‘খান’ পদবিও। এ কারণে অনেকেই ধারণা করেছিলেন, হয়তো সম্পর্ক নিয়ে তাঁর অবস্থানে পরিবর্তন আসতে পারে।
তবে সম্প্রতি ইনস্টাগ্রাম থেকে তাহসানের সব ছবি মুছে ফেলেছেন রোজা আহমেদ। একই সঙ্গে নিজের নামের সঙ্গে যুক্ত ‘খান’ পদবিটিও সরিয়ে দিয়েছেন তিনি। রোজার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এখন আর কোথাও তাহসানের উপস্থিতি দেখা যাচ্ছে না।
উল্লেখ্য, গত বছরের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ের পর পারিবারিকভাবে রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান রহমান খান। রোজা আহমেদ একজন পেশাদার মেকআপ আর্টিস্ট। তিনি এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন। নিউইয়র্কে তাঁর নিজস্ব একটি মেকআপ প্রতিষ্ঠান রয়েছে।