পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরের বিয়ে নিয়ে গুঞ্জন বহুদিনের। তবে এবার সেই গুঞ্জন যেন নতুন মাত্রা পেয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তাঁর কিছু খুনসুটি ভরা, কিন্তু স্পষ্ট ইঙ্গিতপূর্ণ মন্তব্যে ভক্তদের ধারণা—খুব শিগগিরই, এমনকি আগামী সপ্তাহেই বিয়ের পিঁড়িতে বসতে পারেন তিনি।
পাকিস্তানি গায়ক আসিম আজহার–এর সঙ্গে হানিয়ার সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল। সম্প্রতি দুজনের বিয়ে নিয়ে খবর ছড়িয়ে পড়তেই ইন্টারনেটজুড়ে শুরু হয় তুমুল চর্চা। প্রি–ওয়েডিং আয়োজন শুরু হয়ে গেছে—এমন দাবিও ওঠে। কয়েকটি ছবি ভাইরাল হয়, আর সবশেষে হানিয়ার নিজের মন্তব্য রহস্যকে আরও ঘনীভূত করে তোলে।
এর আগে খবর আসে, শুক্রবার (১৬ জানুয়ারি) আসিম আজহারের বাসায় একটি কাওয়ালি নাইটের আয়োজন করা হয়। অনুষ্ঠানের একাধিক ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে ব্যাকড্রপ ও পোশাকের রঙে এক ধরনের সামঞ্জস্য দেখা যায়। এতে অনেকেই ধরে নেন, প্রি–ওয়েডিং আয়োজনের আনুষ্ঠানিক সূচনা হয়ে গেছে। যদিও এ বিষয়ে এখনো কোনো পক্ষের তরফে নিশ্চিত বক্তব্য আসেনি।
সবচেয়ে বেশি আলোচনার জন্ম দেয় হানিয়ার সাম্প্রতিক ইনস্টাগ্রাম পোস্টে ভক্তদের মন্তব্যের জবাব। এক ভক্ত প্রশ্ন করেন, ‘পরের ফাংশন কি ঢোলকি নাইট?’ উত্তরে হানিয়া লেখেন, ‘ডান’। আরেকজন জানতে চান, ‘কাল থেকেই শুরু, তাই তো?’—হানিয়ার জবাব ছিল, ‘একদম’।
এ ছাড়া পাকিস্তানি বিয়ের আগে গুরুত্বপূর্ণ আয়োজন ‘মায়ুন’ নিয়েও প্রশ্নের মুখে পড়েন হানিয়া। এই অনুষ্ঠানে সাধারণত কনে বা বরকে নির্দিষ্ট সময় ঘরে থাকার নিয়ম মানতে হয়, হলুদ রঙের পোশাক পরানো হয় এবং পরিবার–পরিজনের অংশগ্রহণে তা উদযাপিত হয়। মায়ুন কবে—এমন প্রশ্নে অভিনেত্রী সংক্ষিপ্ত জবাব দেন, ‘আজ’। এই এক শব্দের উত্তরই ভক্তদের কাছে বিয়ের আয়োজন শুরুর সবচেয়ে জোরালো ইঙ্গিত বলে ধরা হচ্ছে।
উল্লেখ্য, এর আগে গ্যালাক্সি ললিউডের উপস্থাপক মোমিন আলি মুনশি দাবি করেছিলেন, ২০২৬ সালেই হানিয়া আমির ও আসিম আজহারের বিয়ের পরিকল্পনা রয়েছে। সেই বক্তব্যের পর থেকেই জল্পনা আরও তীব্র হয়।
সব মিলিয়ে আলোচনার পারদ চড়লেও এখনো পর্যন্ত হানিয়া আমির বা আসিম আজহার—কেউই আনুষ্ঠানিকভাবে বিয়ের খবর নিশ্চিত করেননি। ফলে ভক্তদের অপেক্ষা আপাতত সেই চূড়ান্ত ঘোষণার দিকেই।
সূত্র: ডেইলি টাইমস