প্রয়াত স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুর পর শোকাতুর অবস্থান থেকে সরে এসে এবার তাঁর বিরুদ্ধে নানা আপত্তিকর অভিযোগ তুলেছেন অভিনেতা যাহের আলভী।
শুক্রবার (৬ মার্চ) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি ইকরার জীবনযাপন ও আচরণ নিয়ে প্রশ্ন তোলেন। স্ত্রীর মৃত্যুর মাত্র কয়েক দিনের ব্যবধানে আলভীর এমন বিপরীতমুখী অবস্থানে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় ইকরার মৃত্যু হয়, যাকে প্রাথমিকভাব আত্মহত্যা বলে জানানো হয়েছিল। সেই সময় নেপালে শুটিংয়ে থাকা আলভী সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট দিয়ে স্ত্রীর জন্য শোক প্রকাশ করেছিলেন। এমনকি ২ ও ৩ মার্চ দেওয়া পোস্টগুলোতে তিনি ইকরাকে ছাড়া বেঁচে থাকা অসম্ভব বলে উল্লেখ করেন এবং তাঁদের মধ্যকার গভীর সম্পর্কের স্মৃতিচারণ করেন।
তবে শুক্রবার রাতের পোস্টে আলভী দাবি করেন, গত ২৫ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত তাঁর অনুপস্থিতিতে ইকরা বাসায় বন্ধুদের নিয়ে পার্টি ও মদ্যপান করেছিলেন। তিনি আরও উল্লেখ করেন, ঘটনার আগের দিন ইকরা তাঁর সহকারীর মাধ্যমে সিগারেট ও ঘুমের ওষুধ আনিয়েছিলেন। ময়নাতদন্ত প্রতিবেদনে যেন কোনো পরিবর্তন না করা হয় এবং বাসার সিসিটিভি ফুটেজ যেন মুছে ফেলা না হয়, সে বিষয়েও তিনি সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন।
নিজেদের দাম্পত্য জীবনের অতীত টেনে আলভী দাবি করেন, ২০১০ সালে তাঁরা পালিয়ে বিয়ে করার পর পারিবারিক চাপে ইকরা অন্যত্র বিয়ে করেছিলেন। পরবর্তীতে সেই সম্পর্ক ভেঙে ফিরে এলে আলভী তাঁকে ক্ষমা করে পুনরায় সংসার শুরু করেন। বর্তমান পরিস্থিতিতে ইকরার পরিবার ও কর্মক্ষেত্রের কিছু মানুষ তাঁকে অন্যায়ভাবে ফাঁসানোর চেষ্টা করছে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।
একজন মৃত মানুষের বিরুদ্ধে এমন ব্যক্তিগত ও আপত্তিকর অভিযোগ তোলায় ক্ষোভ প্রকাশ করছেন নেটিজেনরা। অনেকেই মন্তব্য করেছেন যে, প্রথমে শোকের নাটক করে এখন দায় এড়াতে আলভী এই পথ বেছে নিয়েছেন। আলভী তাঁর পোস্টের মন্তব্যের ঘর বন্ধ রাখলেও সাধারণ মানুষ ব্যক্তিগত ওয়ালে এই অভিনেতার নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলছেন।