টালিউড অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর নেই। রোববার পশ্চিমবঙ্গের তালসারিতে একটি ধারাবাহিকের শুটিং চলাকালে সমুদ্রে ডুবে মাত্র ৪৩ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পুরো বিনোদন জগতে শোকের মাতম চলছে।
সূত্রে জানা গেছে, রাহুল ‘ভোলে বাবা পার করেগা’ নামক একটি ধারাবাহিকের শুটিংয়ের জন্য তালসারিতে ছিলেন। শুটিংয়ের বিরতিতে তিনি সমুদ্রে নামেন। হঠাৎ করেই পানির স্রোতে তিনি তলিয়ে যান। সেটে থাকা টেকনিশিয়ানরা দ্রুত তাকে উদ্ধার করে দিঘা হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে পুলিশি তদন্ত শুরু হয়েছে।
রাহুলের সঙ্গে শুটিংয়ে থাকা সহকর্মী ভাস্কর বন্দ্যোপাধ্যায় জানান, ইউনিটের সবাই দুপুরের খাবার নিয়ে ব্যস্ত ছিলেন, এমন সময় রাহুল আরও কিছু শট দেওয়ার কথা বলে সমুদ্রে নামেন। সুস্থ-স্বাভাবিক একজন মানুষ এভাবে হঠাৎ চলে যাবেন, তা মেনে নিতে পারছেন না কেউই।
১৯৮৩ সালের ১৬ অক্টোবর জন্মগ্রহণ করা এই অভিনেতা ছোট পর্দা ও বড় পর্দা—উভয় মাধ্যমেই রেখে গেছেন তার প্রতিভার স্বাক্ষর। ৪৫০টিরও বেশি নাটকে অভিনয় করে তিনি দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নিয়েছিলেন। বড়পর্দায় তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেওয়া সিনেমা ‘চিরদিনই তুমি যে আমার’। এরপর ‘জ্যাকপট’, ‘পরান যায় জ্বলিয়া রে’, ‘কাগজের বউ’ ও ‘আকাশ অংশত মেঘলা’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করে নিজের দক্ষতা প্রমাণ করেন।
অভিনয়ের পাশাপাশি রাহুল তার নিজস্ব পডকাস্ট ‘সহজকথা’র মাধ্যমেও নতুন ধারার কনটেন্ট তৈরিতে মনোযোগী হয়েছিলেন। ব্যক্তিগত জীবনে ২০১০ সালে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে বিয়ে করেন তিনি। পরবর্তীতে তাদের বিচ্ছেদ ঘটলেও সহজ নামে তাদের এক পুত্রসন্তান রয়েছে। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের এই অকাল প্রয়াণ বাংলা চলচ্চিত্র ও নাট্যাঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি।