পহেলা বৈশাখে শৈশবের স্মৃতি আর মাতৃত্বের নতুন অনুভূতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় ফেসবুকে দেওয়া সেই পোস্টে তিনি জানান, ছোটবেলায় পহেলা বৈশাখ উপলক্ষে নিজের মা ও নানির শাড়ি দিয়ে জামা বানিয়ে পরতেন। শৈশবের সেই আনন্দময় স্মৃতি এবার তিনি ফিরিয়ে এনেছেন নিজের সন্তানদের মাঝেও।
অভিনেত্রী জানান, এবার বৈশাখ উপলক্ষে তিনি নিজের সন্তানদের জন্যও নিজের শাড়ি দিয়ে বৈশাখী পোশাক বানিয়ে দিয়েছেন। সেই পোশাকে সন্তানদের দেখার জন্য তিনি উন্মুখ হয়ে আছেন। পোস্টে তিনি লিখেছেন, সন্তানদের ঘুম থেকে ওঠার অপেক্ষায় আছেন তিনি; কখন তারা এই বিশেষ জামা পরে তার চোখের সামনে ঘুরবে, তা মন ভরে দেখার প্রতীক্ষায় রয়েছেন এই নায়িকা।
শৈশবের সাদামাটা দিনগুলোর কথা স্মরণ করে পরীমনি আরও লেখেন, মা আর নানির শাড়ি দিয়ে জামা বানানোর মাঝে যে কী পরিমাণ আনন্দ ছিল, তা আজও তাকে আবেগপ্রবণ করে তোলে। নিজের ফেলে আসা শৈশবের সেই একই আনন্দ এখন সন্তানদের মাঝে ছড়িয়ে দিতে পেরে তিনি বেশ উচ্ছ্বসিত। সামাজিক যোগাযোগমাধ্যমে পরীমনির এই পোস্টটি তার ভক্তদের মাঝে বেশ প্রশংসিত হচ্ছে।