টানা প্রায় পাঁচ ঘণ্টা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গুলিবিদ্ধ সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে।
শুক্রবার সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে একটি অ্যাম্বুলেন্সে করে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে ঢামেক থেকে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।
শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরে ওসমান হাদির ওপর হামলার ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, জুমার নামাজ শেষে মতিঝিলের দিক থেকে একটি কালো মোটরসাইকেলে করে দুজন ব্যক্তি আসে। মোটরসাইকেলের পেছনে বসা ব্যক্তি ক্লোজ রেঞ্জ থেকে হাদির মাথা লক্ষ্য করে গুলি চালায়। কিন্তু গুলি তার বাম চোয়ালে লাগে। হামলার পরপরই মোটরসাইকেলটি দ্রুতগতিতে এলাকা ত্যাগ করে।
ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, দুপুর ২টা ২০ মিনিটের দিকে কালো মোটরবাইকে আসা অজ্ঞাত এক ব্যক্তি হাদিকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়।
পুলিশ বলছে, আরও ফুটেজ সংগ্রহ ও হামলাকারীদের শনাক্তে কাজ চলমান রয়েছে।
ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, ওসমান হাদির মাথার ভেতরে গুলি পাওয়া যায়নি। গুলি মাথা থেকে বের হয়ে গেছে।