ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের শেকড় যতই শক্তিশালী হোক না কেন, তা উপড়ে ফেলা হবে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেন, হাদি জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক। আজ তিনি সন্ত্রাসীদের গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন। আমরা তার জন্য কায়মনোবাক্যে দোয়া করছি।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মালিথিয়া গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় অনুষ্ঠিত বিশেষ প্রার্থনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
হাদির ওপর গুলির ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র শুরু হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বকে ধ্বংস করতে পতিত স্বৈরাচারের সন্ত্রাসী বাহিনী পরিকল্পিতভাবে হামলা চালাচ্ছে। তবে তারা কোনোভাবেই সফল হবে না।
তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকার ও নির্বাচন কমিশন বদ্ধপরিকর। আসন্ন নির্বাচনে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে এবং জনগণের আশা-আকাঙ্ক্ষারই প্রতিফলন ঘটবে।
এ সময় অ্যাটর্নি জেনারেল বেগম খালেদা জিয়া ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।