বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ঢাকায় নেতাকর্মী ও সমর্থকদের যাতায়াত নির্বিঘ্ন করতে ১০টি রুটে বিশেষ ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়।
সোমবার (২২ ডিসেম্বর) মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপির আবেদনের পরিপ্রেক্ষিতে ২৫ ডিসেম্বর নির্ধারিত রুটগুলোতে স্পেশাল ট্রেন চালানো হবে। পাশাপাশি নিয়মিত চলাচলকারী কয়েকটি ট্রেনে চাহিদা অনুযায়ী অতিরিক্ত কোচ সংযোজন করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশেষ ট্রেন পরিচালনার কারণে ওইদিন স্বল্প দূরত্বের রাজবাড়ী কমিউটার (রাজবাড়ী-পোড়াদহ), ঢালারচর এক্সপ্রেস (পাবনা-রাজশাহী) এবং রোহনপুর কমিউটার (রোহনপুর-রাজশাহী) ট্রেনের চলাচল সাময়িকভাবে স্থগিত থাকবে। এতে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।
রেলপথ মন্ত্রণালয়ের তথ্যমতে, ২৫ ডিসেম্বর কক্সবাজার-ঢাকা-কক্সবাজার, জামালপুর-ময়মনসিংহ-ঢাকা-জামালপুর, টাঙ্গাইল-ঢাকা-টাঙ্গাইল, ভৈরববাজার-নরসিংদী-ঢাকা-নরসিংদী-ভৈরববাজার, জয়দেবপুর-ঢাকা ক্যান্টনমেন্ট-জয়দেবপুর (গাজীপুর), পঞ্চগড়-ঢাকা-পঞ্চগড়, খুলনা-ঢাকা-খুলনা, চাটমোহর-ঢাকা ক্যান্টনমেন্ট-চাটমোহর, রাজশাহী-ঢাকা-রাজশাহী এবং যশোর-ঢাকা-যশোর রুটে বিশেষ ট্রেন চলাচল করবে।
এছাড়া ওইদিন নিয়মিত চলাচলকারী একাধিক ট্রেনে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত কোচ যুক্ত করা হবে বলেও জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।