রাজধানীর হাতিরঝিল থানার মগবাজার ওয়ারলেস গেট এলাকায় ফ্লাইওভার থেকে ছোড়া ককটেল বিস্ফোরণে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। কে বা কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে, তা তাৎক্ষণিক জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে ফ্লাইওভারের ওপর থেকে নিচের দিকে একটি বোমা নিক্ষেপ করা হয়। বিস্ফোরণে ঘটনাস্থলেই সিয়াম গুরুতর আহত হন। কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। নিহত সিয়াম একটি বেসরকারি ফ্যাক্টরিতে কর্মরত ছিলেন এবং ঘটনার সময় ওই এলাকায় অবস্থান করছিলেন।
নিহতের স্বজনরা জানান, সিয়াম একটি বেসরকারি ফ্যাক্টরিতে কর্মরত ছিলেন। ঘটনার সময় তিনি ওই এলাকায় অবস্থান করছিলেন। শুরুতে তার পরিচয় নিশ্চিত করা না গেলেও পরে স্বজনরা এসে তাকে শনাক্ত করেন।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে। ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বোমা নিক্ষেপের পর দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফ্লাইওভারের ওপর থেকে বোমাটি নিচে নিক্ষেপ করা হয়েছে। বোমা নিক্ষেপের পেছনের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।