রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে বিশেষ আর্থিক অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সিদ্ধান্ত অনুযায়ী, নিহত প্রত্যেকের পরিবারকে ২০ লাখ টাকা এবং আহত প্রত্যেককে ৫ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।
সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. খায়েরুজ্জামান মজুমদারের সই করা এক চিঠিতে এ বিষয়ে অর্থ উপদেষ্টার কাছে সুপারিশ পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্তের ঘটনায় মর্মান্তিকভাবে আহত ও নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ আর্থিক সহায়তা দেওয়ার অনুরোধ জানিয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলোকে ক্ষতিপূরণ, অর্থসহায়তা ও চিকিৎসা প্রদান বিষয়ে গত ২ ডিসেম্বর পরিবেশ উপদেষ্টার সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় আহতদের প্রত্যেক পরিবারকে ৫ লাখ টাকা এবং নিহতদের প্রত্যেক পরিবারকে ২০ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
সে অনুযায়ী, ৬৪ জন আহতকে ৫ লাখ টাকা করে মোট ৩ কোটি ২০ লাখ টাকা এবং ৩৫ জন নিহতের পরিবারকে ২০ লাখ টাকা করে মোট ৭ কোটি টাকা দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
গত বছরের ২১ জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় প্রতিষ্ঠানটির ২৮ জন শিক্ষার্থী, তিনজন শিক্ষক, একজন আয়া ও তিনজন অভিভাবকসহ মোট ৩৫ জন নিহত হন। আহত ও মুমূর্ষু অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন ৫৮ জনের বেশি। তবে অর্থ বিভাগের চিঠিতে আহতের সংখ্যা ৬৪ জন এবং নিহতের সংখ্যা ৩৫ জন হিসেবে উল্লেখ করা হয়েছে।