চলতি বছরের হজযাত্রীদের প্রি-হজ ফ্লাইট শুরু হচ্ছে আগামী ১৮ এপ্রিল। এ উপলক্ষে হজ এজেন্সি ও হজযাত্রী পরিবহনকারী এয়ারলাইন্সগুলোকে সৌদি সরকারের নির্দেশনা এবং ‘হজ প্যাকেজ ও গাইডলাইন, ২০২৬’ কঠোরভাবে অনুসরণের নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
রোববার (১১ জানুয়ারি) ধর্ম মন্ত্রণালয় হজ এজেন্সি মালিকদের পাশাপাশি হজযাত্রী পরিবহনকারী তিনটি এয়ারলাইন্সের কাছে এ বিষয়ে চিঠি পাঠিয়েছে। চিঠিতে জানানো হয়, হিজরি ১৪৪৭/২০২৬ সালের হজযাত্রীদের প্রি-হজ ফ্লাইট আগামী ১৮ এপ্রিল থেকে শুরু হবে।
সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, একই সার্ভিস কোম্পানির আওতাভুক্ত হজযাত্রীদের অবশ্যই একই ফ্লাইটে সৌদি আরবে পাঠাতে হবে। এ ক্ষেত্রে ফ্লাইট ব্যবস্থাপনায় কোনো ব্যত্যয় গ্রহণযোগ্য হবে না বলে উল্লেখ করা হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, ‘হজ প্যাকেজ ও গাইডলাইন, ২০২৬’ অনুসারে প্রত্যেক হজ এজেন্সির মোট হজযাত্রীর অন্তত ২০ শতাংশকে প্রি-হজ ফ্লাইটের মধ্যবর্তী পর্যায়ে সৌদি আরবে পাঠাতে হবে। পাশাপাশি প্রি-হজ ফ্লাইটের প্রথম ও শেষ পর্যায়ে অবশিষ্ট হজযাত্রীর ৩০ থেকে ৫০ শতাংশকে পাঠানোর বাধ্যবাধকতা থাকবে।
তবে কোনো এজেন্সির ক্ষেত্রে প্রি-হজ ফ্লাইটের প্রথম বা শেষ পর্যায়ে ৩০ শতাংশের কম কিংবা ৫০ শতাংশের বেশি টিকিট ইস্যু করা যাবে না বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে মন্ত্রণালয়।
এই পরিস্থিতিতে নির্ধারিত নীতিমালা ও সময়সূচি অনুযায়ী ফ্লাইট ব্যবস্থাপনা এবং টিকিট ইস্যুর জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট এজেন্সি ও এয়ারলাইন্সগুলোর প্রতি অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।