কিছু মানুষের কাছে সংস্কার নিয়ে নেতিবাচক কথা উদ্দীপকের মতো কাজ করে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেছেন, ‘কোনো সংস্কার হয় নাই—এ কথা ঠিক নয়। যথেষ্ট হয়েছে। এক্সপেকটেশন যদি ১০ থাকে, অন্তত চার তো অর্জন করতে পেরেছি।’
রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘বিচার বিভাগের স্বাধীনতা এবং আইনের শাসন’ শীর্ষক নীতি সংলাপে এসব কথা বলেন তিনি।
সংস্কার প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, ‘অনেকে বলেন, সরকার কারও সঙ্গে কোনো পরামর্শ করেনি। এটা খুব হাস্যকর একটা কথা। যে কমিশনগুলো করা হয়েছে, এত এক্সটেনসিভ লেভেলে কনসালটেশন ১৯৭২ সালে বাংলাদেশের সংবিধান প্রণয়ন করার সময়ও করা হয়নি।’
নাগরিক সমাজের প্রতিনিধিদের উদ্দেশে তিনি বলেন, তাদের কথা রাখা হয়নি—এমন বক্তব্যও দেওয়া হয়। এ বিষয়ে তিনি বলেন, তারা যদি ১০টা কথা বলেন, অন্তত ছয়টা রাখা হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্লিজ, সত্য কথা বলেন।’
বিচার বিভাগের প্রসঙ্গ টেনে আইন উপদেষ্টা বলেন, ‘শুধুমাত্র ১০ বছর জয় বাংলা আর বাংলাদেশ জিন্দাবাদ বললে বিচারক হতে পারবেন না। উচ্চ আদালতেও কিছু সংস্কারের প্রয়োজন আছে, সেটা উচ্চ আদালত থেকেই হবে।’
তিনি আরও বলেন, বিচার বিভাগের স্বাধীনতার জন্য প্রয়োজনীয় সব আইনই করা হয়েছে। এর ধারাবাহিকতায় আইনের শাসন প্রতিষ্ঠায় আরও পাঁচ থেকে ১০ বছর সময় লাগতে পারে। ‘আমরা সংস্কারের পথে এগিয়েছি। নির্বাচিত সরকার যদি এ ধারা ধরে রাখে, জনগণ সংস্কারের সুফল পাবে,’ বলেন আইন উপদেষ্টা।