ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিটি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৫ জানুয়ারির এক স্মারকের আলোকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচনকালীন সরকার নির্বাহী আদেশে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধবার ও বৃহস্পতিবার) সারা দেশে দুই দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে। এ সময়ে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বা প্রতিষ্ঠান এবং সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা–কর্মচারী ও শিক্ষকরা ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুযোগ পাবেন।
এ প্রেক্ষিতে বাংলাদেশের প্রধান বিচারপতির অনুমোদনক্রমে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে ওই দুই দিন সাধারণ ছুটি থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
