ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের জন্য সংশ্লিষ্ট সব সংস্থা প্রস্তুত বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের সক্ষমতা রয়েছে এবং নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) গাজীপুর জেলা পরিদর্শন ও এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।
সেনাপ্রধান বলেন, নির্বাচনের সময় কোথাও কোথাও অর্থ লেনদেন বা অপরাধমূলক কর্মকাণ্ডের চেষ্টা হতে পারে। বিষয়টি নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা হয়েছে। তিনি বলেন, ‘প্রতি আসনে কিছু অপরাধী থাকতে পারে। তবে ভোটের দিন ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়া বা কোনো অপরাধ হলে আমাদের বাহিনী ব্যবস্থা নেবে—আটক কিংবা মামলা করা হবে।’
একই কর্মসূচিতে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন উপস্থিত ছিলেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে তিন বাহিনীর প্রধানেরা গাজীপুর জেলা পরিদর্শন করেন।
সফরকালে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সম্মেলনকক্ষে ঢাকা বিভাগের গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তাঁরা।
সভায় নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আন্তপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। এ সময় পেশাদারত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েন করা সশস্ত্র বাহিনীর সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
মতবিনিময় সভায় ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, অসামরিক প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।