শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুর পর ওই আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত করা হয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
বুধবার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, আরপিওর ১৭ অনুচ্ছেদ অনুযায়ী বৈধ কোনো মনোনীত প্রার্থী ভোট গ্রহণের আগে মারা গেলে সংশ্লিষ্ট আসনের নির্বাচন বাতিল করতে হয়।
তিনি জানান, নতুন তফসিল ঘোষণার জন্য অন্তত ১৫ দিন সময় দিতে হয়। অথচ আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের আর মাত্র এক সপ্তাহের মতো সময় বাকি। ফলে আইনি জটিলতার কারণে ওই তারিখের আগে শেরপুর-৩ আসনে নতুন করে তফসিল ঘোষণার সুযোগ নেই।
ইসি মাছউদ বলেন, ‘জামায়াত মনোনীত প্রার্থীর মৃত্যুর পর এই মুহূর্তে ওই আসনে নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই। আপিল ও বাছাইসহ প্রয়োজনীয় প্রক্রিয়ার জন্য নির্ধারিত সময় দরকার। নতুন তফসিলের বিষয়ে কমিশন আলোচনা করে পরে সিদ্ধান্ত জানাবে।’
উল্লেখ্য, শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাদল (৫১) মঙ্গলবার রাতে শ্বাসকষ্টজনিত সমস্যায় অসুস্থ হন। ময়মনসিংহে নেওয়ার পথে রাত আড়াইটার দিকে তিনি মারা যান।
নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে প্রশ্নের জবাবে ইসি মাছউদ বলেন, কমিশনের মূল্যায়নে নির্বাচনী পরিবেশ তুলনামূলকভাবে ভালো রয়েছে। পরিবেশ বজায় রাখতে সব রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করেন তিনি।
আচরণবিধি ভঙ্গ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্নে তিনি জানান, সারা দেশে ৩০০ জন বিচারকের সমন্বয়ে ৩০০টি ইলেক্টোরাল ইনকোয়ারি ও অ্যাডজুডিকেশন কমিটি কাজ করছে। পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মোবাইল কোর্ট পরিচালনা করছেন। আচরণবিধি ভঙ্গের অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কমিটিতে প্রতিকার চাওয়ার আহ্বান জানান তিনি।
নির্বাচনে নিয়োজিত কোনো কর্মকর্তা বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আচরণবিধি ভঙ্গ করলে অভিযোগের ভিত্তিতে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ইসি মাছউদ। তিনি বলেন, গুরুতর ক্ষেত্রে কমিশন নিজ উদ্যোগেও বিষয়টি আমলে নিয়ে তদন্ত করতে পারে।
এদিকে, আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ইসি সচিবালয় ও নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের কর্মকর্তাদের সঙ্গে নির্বাচনী কার্যক্রমের সমন্বয় সভা বুধবার বেলা ১১টায় অনুষ্ঠিত হয়। সভায় চারজন নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন। সভা শেষে ইসি মাছউদ বলেন, কমিশনের সর্বশেষ প্রস্তুতি সম্পর্কে সেখানে অবহিত হওয়া হয়েছে।