এখন থেকে অধস্তন আদালতে পুরো ডিসেম্বর মাসজুড়ে বার্ষিক ছুটি থাকবে না। এর পরিবর্তে ডিসেম্বর মাসে ১৫ দিন এবং জুন মাসে ১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত। ফলে টানা এক মাসের পরিবর্তে দুই দফায় মোট এক মাস ছুটি পাবেন অধস্তন আদালতের বিচারকরা।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্ট–এর ফুলকোর্ট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, প্রতিবছর ১ জুন থেকে ১৫ জুন এবং ১৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অধস্তন আদালতে অবকাশকালীন ছুটি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। চলতি বছর থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে।
এ ছাড়া ফুলকোর্ট সভায় সুপ্রিম কোর্ট সচিবালয়ে ৪৬ জন বিচার বিভাগীয় কর্মকর্তা পদায়নের সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে ইতোমধ্যে ছয়জন কর্মকর্তাকে সচিবালয়ে নিয়োগ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের রেকর্ড ভবনের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলায় সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম পরিচালিত হবে বলেও সভায় জানানো হয়।
ফুলকোর্ট সভায় সভাপতিত্ব করেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। বিকেল ৪টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে অনুষ্ঠিত সভায় হাইকোর্ট বিভাগের সব বিচারপতি অংশ নেন।