জুলাই আন্দোলনের সময় লুট হওয়া মোট ২ হাজার ৩৩০টি অস্ত্র এখনো উদ্ধার করা যায়নি বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া সেন্টারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
আইজিপি বলেন, জুলাই আন্দোলনের সময় পুলিশের ১ হাজার ৩৩০টি এবং ব্যক্তিগত মালিকানার এক হাজার অস্ত্র লুট হয়, যেগুলো এখনো উদ্ধার হয়নি। তিনি বলেন, যেকোনো অস্ত্রই নিরাপত্তার জন্য হুমকি। এ ছাড়া বিভিন্ন পথে দেশে অস্ত্র প্রবেশের ঝুঁকিও রয়েছে। তবে এসব মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছে বলে জানান তিনি।
রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে পুলিশ নির্বাচনে দায়িত্ব পালন করতে পারবে কি না—এমন প্রশ্নের জবাবে বাহারুল আলম বলেন, আগামী ১৩ ফেব্রুয়ারিতেই সে বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।
সড়ক অবরোধসহ বিভিন্ন আন্দোলনে পুলিশের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, এসব ঘটনায় পুলিশ সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিচ্ছে। একই সঙ্গে নির্বাচনে দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং পুলিশের ওপর আস্থা রাখার আহ্বান জানান তিনি।
পুলিশ সংস্কার বিষয়ে এক প্রশ্নের উত্তরে আইজিপি বলেন, দীর্ঘদিন ধরেই পুলিশ চেয়েছে কাজের ক্ষেত্রে স্বাধীনতা নিশ্চিত হোক, যাতে মামলা তদন্তসহ দায়িত্ব পালনের সময় সরকার বা রাজনৈতিক দলের কোনো নির্দেশনা না আসে। তবে বাস্তবে সে স্বাধীনতা এখনো পুরোপুরি পাওয়া যায়নি বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, পুলিশ সংস্কার কমিশনের আলোচনায় রাজনৈতিক প্রভাবমুক্ত পদোন্নতি ও পদায়নের বিষয়টি তুলে ধরা হয়েছিল। পাশাপাশি পুলিশের শীর্ষ পদে নিয়োগের ক্ষেত্রে কমিশনের সুপারিশ বাধ্যতামূলক করার প্রস্তাবও দেওয়া হয়। তবে অধ্যাদেশে এসব বিষয় প্রতিফলিত হয়নি বলে জানান আইজিপি।
আইজিপি বলেন, পুলিশের ভেতর থেকেই এসব দাবি দীর্ঘদিন ধরে উঠে আসছে এবং ভবিষ্যতেও বিষয়গুলো নিয়ে আলোচনা অব্যাহত থাকবে।