ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে ভোটকে উৎসবমুখর ও শান্তিপূর্ণ রাখায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম–কে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
বিজয়ীদের গেজেট প্রকাশের পর শনিবার পৃথক টেলিফোন আলাপে তিনি তিন নেতার সঙ্গে কথা বলেন। রাজনৈতিক দলগুলোর সংযম ও দায়িত্বশীল আচরণের কারণে সারা দেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, প্রথমে তারেক রহমানের সঙ্গে আলাপ করে তাঁর দলের নিরঙ্কুশ বিজয়ে অভিনন্দন জানানো হয়। পরে শফিকুর রহমান ও নাহিদ ইসলামকে সাফল্য এবং নির্বাচন–পরবর্তী দায়িত্বশীল অবস্থানের জন্য ধন্যবাদ দেওয়া হয়।
গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে ভবিষ্যতেও পারস্পরিক সহযোগিতাপূর্ণ ভূমিকা অব্যাহত থাকবে—এমন আশা প্রকাশ করা হয়। জনগণের প্রত্যাশা পূরণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানানো হয়।
গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে ২৯৭ আসনের মধ্যে বিএনপি জয় পেয়েছে ২০৯টিতে। ফল স্থগিত থাকা দুটি আসনেও দলটির প্রার্থীরা এগিয়ে আছেন। তাদের মিত্ররা পেয়েছে ৩টি আসন। সব মিলিয়ে বিএনপি ও তার শরিকদের আসনসংখ্যা দাঁড়িয়েছে ২১২।
অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসন পেয়েছে। দলটির নেতৃত্বাধীন ১১–দলীয় জোটের অন্যান্য শরিকরা পেয়েছে ৯টি আসন। অর্থাৎ জামায়াত ও তার মিত্রদের মোট আসন ৭৭।
এদিকে নির্বাচন কমিশন ইতিমধ্যে নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে। মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন, তিন থেকে চার দিনের মধ্যে নতুন সরকারের শপথ অনুষ্ঠিত হতে পারে।