বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অনুষ্ঠানে দেশটির লোকসভার স্পিকার ওম বিড়লা ভারত সরকারের প্রতিনিধিত্ব করবেন।
আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রিও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্পিকারের অংশগ্রহণ ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে গভীর ও দীর্ঘস্থায়ী বন্ধুত্বকে তুলে ধরে এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি ভারতের অবিচল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি। এর পরিপ্রেক্ষিতে নতুন সরকার শপথ নিতে যাচ্ছে। শপথ অনুষ্ঠানে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চীন, ভারত ও পাকিস্তানসহ ১৩টি দেশের সরকারপ্রধানদের আমন্ত্রণ জানিয়েছেন।
আমন্ত্রিত দেশের তালিকায় রয়েছে সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটান।