কুমিল্লাকে বিভাগ হিসেবে ঘোষণা করার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ, খাদ্য এবং কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ। আজ শনিবার দুপুরে কুমিল্লা সার্কিট হাউসে জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, ‘কুমিল্লা বিভাগ পাওয়ার যোগ্য। এ-সংক্রান্ত অধিকাংশ কাজই সম্পন্ন হয়েছে, সামান্য কিছু জায়গায় বিষয়টি আটকে আছে। আমি কথা দিচ্ছি, কুমিল্লাকে বিভাগ করার জন্য যা যা করা প্রয়োজন, আমরা তা করব।’
সাক্ষাৎকারে মন্ত্রী কুমিল্লাকে আবারও ব্যাংক, ট্যাংক ও শিক্ষানগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি জানান, কুমিল্লার সামগ্রিক উন্নয়নের জন্য তার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন। জনগণের প্রত্যাশা পূরণে বর্তমান সরকার উন্নয়ন ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, আগামীর বাংলাদেশ হবে বাক্স্বাধীনতা, সমৃদ্ধি ও ন্যায়ভিত্তিক অগ্রগতির। এ লক্ষ্য বাস্তবায়নে কৃষি, শিক্ষা ও শিল্পসহ সব খাতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
কৃষি ও শিল্প খাতের উন্নয়ন প্রসঙ্গে আমিন উর রশীদ বলেন, ‘কুমিল্লায় প্রথম রপ্তানিমুখী কারখানা আমিই স্থাপন করেছিলাম। বর্তমানে জেলায় শিল্পের যে বিস্তার হয়েছে, তা একটি বিপ্লবের মতো। আমি নিজেও কৃষির সঙ্গে সম্পৃক্ত থাকায় মাঠের বাস্তবতা জানি। কৃষকবান্ধব নীতি ও প্রযুক্তিনির্ভর উদ্যোগের মাধ্যমে কুমিল্লাসহ সারা দেশের কৃষিকে আরও শক্তিশালী করা হবে।’ এসময় তিনি গোমতী নদীকে সম্ভাবনার ‘সোনার খনি’ হিসেবে অভিহিত করেন এবং কুমিল্লায় সবজি ও ডিম সংরক্ষণের জন্য দ্রুত কোল্ডস্টোরেজ স্থাপনের আশ্বাস দেন।
ব্যক্তিগত অঙ্গীকার পুনর্ব্যক্ত করে সরকারের এই টেকনোক্র্যাট মন্ত্রী বলেন, ‘আমি আগেই বলেছিলাম, জনপ্রতিনিধি হিসেবে প্রাপ্ত সম্মানী এই অঞ্চলের শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয় করব। আমি সেই অঙ্গীকারেই আছি। বর্তমানে আমি সরকারি গাড়ি ও জ্বালানি ব্যবহার করছি না, নিজের ব্যক্তিগত গাড়ি ব্যবহার করছি।’ সভায় কুমিল্লা জেলা প্রশাসক রেজা হাসান, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিকসহ স্থানীয় বিএনপি নেতা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে মন্ত্রী কুমিল্লা টাউন হল মাঠে জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয়কেন্দ্রের উদ্বোধন করেন। এর আগে সকালে তিনি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার নেউরা এম আই উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।