পুলিশের বৈধ কার্যক্রমে কেউ অবৈধভাবে বাধা বা হস্তক্ষেপ করতে পারবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দেন, রাজনৈতিক বা সামাজিক— যেকোনো পরিচয়ই হোক না কেন, পুলিশের কাজে হস্তক্ষেপ করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশ জনগণের বন্ধু’— এই প্রবাদটি বাস্তবে রূপ দিতে সরকার কাজ শুরু করেছে। বিগত সরকারের আমলে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে পুলিশসহ বিভিন্ন প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে তিনি জানান, পুলিশি ব্যবস্থা ছাড়া সমাজ টিকে থাকা অসম্ভব। তাই বাহিনীর সংস্কার এবং সদস্যদের মনোবল বৃদ্ধির মাধ্যমেই একটি জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তোলার প্রক্রিয়া চলছে। জনভোগান্তি রোধে পুলিশের নিজস্ব কার্যক্রমও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।
সালাহউদ্দিন আহমদ আরও উল্লেখ করেন, বিগত ফ্যাসিবাদী শাসনামলে দেশের প্রায় প্রতিটি প্রতিষ্ঠানই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গণঅভ্যুত্থান-পরবর্তী জনআকাঙ্ক্ষা পূরণে সেই ধ্বংসস্তূপ থেকেই দেশকে ঘুরে দাঁড় করাতে হচ্ছে। এই লক্ষ্য অর্জনে বাহিনীর সদস্যদের প্রয়োজনীয় অনুপ্রেরণা ও দিকনির্দেশনা দেওয়া হচ্ছে। সামনের দিনগুলোতে তিনি দেশের বিভিন্ন বিভাগে গিয়ে মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন এবং তাদের সাহস জোগাবেন বলে জানান। অতীত ভুলে সামনের দিকে লক্ষ্য রেখেই প্রশাসন এগিয়ে যেতে চায় বলে মন্তব্য করেন তিনি।