সংবিধান সংস্কার বা ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত গণভোটের ফলাফলে বড় ধরনের সংশোধনী এনেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক অতিরিক্ত গেজেটের মাধ্যমে এই সংশোধিত তথ্য জানানো হয়। নতুন হিসেব অনুযায়ী, আগের ঘোষিত ফলাফলের তুলনায় ‘হ্যাঁ’ এবং ‘না’ উভয় ভোটের সংখ্যাই কমেছে।
সংশোধিত গেজেট অনুযায়ী, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ৭২ লাখ ২৫ হাজার ৯৮০ এবং ‘না’ ভোট ২ কোটি ১৯ লাখ ৬০ হাজার ২৩১টি। এর ফলে আগের তুলনায় ‘হ্যাঁ’ ভোট ৯ লাখ ৭৪ হাজার ৬৮০টি এবং ‘না’ ভোট ১ লাখ ১১ হাজার ৪৯৫টি কমেছে। তবে বাতিল হওয়া ভোটের সংখ্যা আগের চেয়ে ১২ হাজার ৫৫৯টি বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৭৪ লাখ ৩৫ হাজার ১৯৬টিতে। সার্বিকভাবে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ১০ লাখ ৭৩ হাজার ৬১৬টি হ্রাস পেয়েছে।
গত ১২ ফেব্রুয়ারি জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশের ওপর জনগণের সম্মতি যাচাইয়ে এই গণভোট অনুষ্ঠিত হয়। এর আগে ১৩ ফেব্রুয়ারি প্রাথমিক ফলাফল গেজেট আকারে প্রকাশ করেছিল কমিশন। প্রথম গেজেটে ‘হ্যাঁ’ ভোট ছিল ৪ কোটি ৮২ লাখ ৬৬০টি এবং ‘না’ ভোট ছিল ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬টি। ওই সময় মোট বৈধ ভোটারের সংখ্যা জানানো হয়েছিল ৭ কোটি ২ লাখ ৭২ হাজার ৩৮৬ জন, যা বর্তমানে কমে দাঁড়িয়েছে ৬ কোটি ৯১ লাখ ৮৬ হাজার ২১১ জনে।
নির্বাচন কমিশন এই অসংগতির সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ না করলেও জানিয়েছে, কমিশনের আদেশক্রমেই এই সংশোধনী গেজেট প্রকাশ করা হয়েছে। ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে এই গণভোটের মাধ্যমেই জুলাই জাতীয় সনদের সাংবিধানিক বৈধতা ও জনসম্মতি চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে।