জাতীয় সংসদের সদস্য মো. নুরুল ইসলাম মনিকে চিফ হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (২ মার্চ ২০২৬) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় সংসদ সচিবালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, The Bangladesh (Whips) Order, ১৯৭২ (P.O. 64 of 1972)-এর Article 3(1) অনুযায়ী রাষ্ট্রপতি এ নিয়োগ দেন। নুরুল ইসলাম মনি বরগুনা-২ আসনের সংসদ সদস্য।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে সই করেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কামিজ উদ্দিন মণ্ডল।
প্রজ্ঞাপনের অনুলিপি সংশ্লিষ্ট দপ্তরগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।
নূরুল ইসলাম মণি বরগুনা-২ (পাথরঘাটা, বামনা ও বেতাগী) আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন। এ নির্বাচনে ওই আসন থেকে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করলেও নূরুল ইসলাম মণির মূল প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন বাংলাদেশ জামায়েত ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. সুলতান আহমদ। ভোটগ্রহণ শেষে নূরুল ইসলাম ৮৯ হাজার ৪২৮ ভোট এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী সুলতান আহমহ ৮৩ হাজার ১৫ ভোট পেলে ৬ হাজার ৪১৩ ভোট বেশি পেয়ে নূরুল ইসলাম মণি সংসদ সদস্য নির্বাচিত হন।
জানা যায়, নুরুল ইসলাম মণি এর আগেও তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। চতুর্থ ও পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এবং অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হয়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।