মধ্যপ্রাচ্যের বর্তমান সংঘাতময় পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের অবস্থান স্পষ্ট করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সোমবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, ওই অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জানমালের নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষা করেই মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতিগুলো ইস্যু করা হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের অবস্থান অত্যন্ত পরিষ্কার। আমাদের প্রথম অগ্রাধিকার হলো মধ্যপ্রাচ্যে অবস্থানরত নাগরিকদের স্বার্থ রক্ষা করা। বাংলাদেশ বিশ্বাস করে যে যুদ্ধ বা সংঘাত কোনো স্থায়ী সমাধান আনতে পারে না। তাই দ্রুততম সময়ের মধ্যে কূটনৈতিক আলোচনার মাধ্যমে এই সমস্যার শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে ঢাকা।
তিনি আরও উল্লেখ করেন, ১ মার্চ পররাষ্ট্র মন্ত্রণালয় যে বিবৃতি দিয়েছে, সেখানেও প্রবাসীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সাথে তুলে ধরা হয়েছে। ড. খলিলুর রহমান বলেন, ‘আমাদের নাগরিকরা যেখানেই আক্রান্ত হোক না কেন, আমরা তাদের পাশে দাঁড়াব। আমাদের সবচেয়ে বড় জাতীয় স্বার্থ হচ্ছে আমাদের জনগণ।’ সংঘাতের কারণে আর কোনো বাংলাদেশির যাতে প্রাণহানি না ঘটে, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রাখা হয়েছে।
বিদেশে যাওয়ার জন্য যারা ইতোমধ্যে প্রস্তুতি নিয়েছিলেন কিন্তু বিমান চলাচল বন্ধ হওয়ায় আটকা পড়েছেন, তাদের বিষয়েও কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, আকাশপথের পরিস্থিতি স্বাভাবিক হওয়া মাত্রই আটকে পড়া কর্মীদের দ্রুততার সাথে পাঠানোর ব্যবস্থা করা হবে। উদ্ভূত পরিস্থিতির কারণে নিয়মিত যোগাযোগ রক্ষা করতে সংশ্লিষ্ট দেশগুলোতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।