রাজধানী ঢাকাসহ সারাদেশে চাঁদাবাজ ও অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (৪ মার্চ) বেলা ১১টায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ঢাকা থেকে শুরু করে সারাদেশে চাঁদাবাজ, অস্ত্রধারী ও দাগি আসামিদের তালিকা করা হচ্ছে। একটি নির্মোহ তালিকা প্রস্তুত করে দ্রুতই তাদের আইনের আওতায় আনতে বিশেষ অভিযান পরিচালনা করা হবে।’ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে জনগণের সহযোগিতা কামনা করে তিনি আশ্বস্ত করেন যে, জনমনে স্বস্তি ফেরাতে সরকার বদ্ধপরিকর।
ডিএমপির ৫০টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের বিষয়ে মন্ত্রী জানান, পুলিশের ওপর থেকে বিগত আমলের ‘ফ্যাসিবাদী কালিমা’ মুছে ফেলে প্রতিষ্ঠানটিকে জনবান্ধব হিসেবে গড়ে তোলা হবে। তিনি বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের সময় অন্যান্য প্রতিষ্ঠানের মতো পুলিশও ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা চাই পুলিশ সত্যিকার অর্থে জনগণের বন্ধু হিসেবে কাজ করুক।’
সালাহউদ্দিন আহমদ আরও উল্লেখ করেন যে, পুলিশ এখন থেকে কোনো ব্যক্তির স্বৈরতান্ত্রিক নির্দেশে নয়, বরং সম্পূর্ণ আইনানুগভাবে পরিচালিত হবে। সিস্টেমে জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে রুল অব ল’ বা আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে। পুলিশের কপালে অতীতে যে কলঙ্ক লেপন করা হয়েছিল, তার জন্য পুরো প্রতিষ্ঠান দায়ী নয় বরং নির্দিষ্ট কিছু ব্যক্তির কর্মকাণ্ড দায়ী ছিল বলে তিনি মন্তব্য করেন।
মতবিনিময় সভায় আইজিপি আলী হোসেন ফকির এবং ডিএমপির দায়িত্বপ্রাপ্ত কমিশনার মো. সারওয়ারসহ পুলিশের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মন্ত্রী কর্মকর্তাদের সমস্যার কথা শোনেন এবং অগ্রাধিকার ভিত্তিতে আইনশৃঙ্খলা উন্নয়নের নির্দেশনা দেন।