বগুড়া, সিলেট ও ময়মনসিংহসহ দেশের ৬ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (৪ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে মোট ১০ জন পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপন অনুযায়ী, বগুড়ার পুলিশ সুপার মো. শাহাদাত হোসেনকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে এবং খাগড়াছড়ির পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদকে বগুড়ার নতুন এসপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাক সরকারকে খাগড়াছড়ির পুলিশ সুপার পদে পদায়ন করা হয়েছে।
ময়মনসিংহের পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) বদলি করে ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ কামরুল হাসানকে ময়মনসিংহের নতুন এসপি করা হয়েছে। সিলেটের পুলিশ সুপার কাজী আখতার উল আলমকে এপিবিএনে পাঠানো হয়েছে এবং জামালপুরের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেককে সিলেটের নতুন এসপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোছা. ফারহানা ইয়াসমিনকে জামালপুরের পুলিশ সুপার এবং বরিশালের পুলিশ সুপার ফারজানা ইসলামকে নৌ পুলিশে বদলি করা হয়েছে। এছাড়া পুলিশ অধিদপ্তরের এআইজি এ জেড এম মোস্তাফিজুর রহমানকে বরিশালের নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।