ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে গ্রেপ্তার করেছে ভারতের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। গ্রেপ্তারকৃতরা বাংলাদেশে চাঁদাবাজি ও হত্যাকাণ্ডের মতো গুরুতর অপরাধে জড়িত বলে জানিয়েছে ভারতীয় পুলিশ।
রোববার (৮ মার্চ) পশ্চিমবঙ্গের বনগাঁ সীমান্ত এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— পটুয়াখালীর বাসিন্দা ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল (৩৭) এবং ঢাকার বাসিন্দা আলমগীর হোসেন (৩৪)।
পশ্চিমবঙ্গ পুলিশের বরাত দিয়ে ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
পশ্চিমবঙ্গ এসটিএফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৭ মার্চ দিবাগত রাতে বনগাঁ এলাকায় অভিযান চালিয়ে এই দুই ব্যক্তিকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন যে, বাংলাদেশের রাজনৈতিক কর্মী ওসমান হাদি হত্যাকাণ্ডে তারা সরাসরি জড়িত ছিলেন। ওই হত্যাকাণ্ডের পর তারা মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। ভারতের বিভিন্ন স্থানে আত্মগোপন করার পর তারা পুনরায় বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে বনগাঁ সীমান্তে জড়ো হয়েছিলেন।
এই ঘটনায় স্থানীয় থানায় একটি সুনির্দিষ্ট মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করার পর বর্তমানে তারা পুলিশি হেফাজতে রয়েছেন। ঘটনার বিষয়ে আরও বিস্তারিত তদন্ত চলছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।