ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে ১৪ দিনের রিমান্ডে নিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ)। রোববার (৮ মার্চ) ভারতের পশ্চিমবঙ্গ থেকে তাদের গ্রেফতারের পর আদালতে হাজির করা হলে বিচারক এই রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে শনিবার (৭ মার্চ) গভীর রাতে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁও সীমান্ত এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসটিএফ-এর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, গোপন সূত্রে খবর পাওয়া যায় যে, দুই বাংলাদেশি নাগরিক খুনের মতো গুরুতর অপরাধ করে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন এবং তারা বনগাঁও সীমান্ত দিয়ে পুনরায় বাংলাদেশে ফেরার জন্য আত্মগোপন করার চেষ্টা করছেন। এই তথ্যের ভিত্তিতেই সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছেন যে, তারা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যার পর পালিয়ে ভারতে প্রবেশ করেন। তারা প্রথমে মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে ঢোকেন এবং দেশটির বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করার পর শেষ পর্যন্ত বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে বনগাঁওয়ে আসেন।
উল্লেখ্য, বাংলাদেশের জাতীয় নির্বাচনের আগে রাজধানীর পল্টন এলাকায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছিলেন শরিফ ওসমান হাদি। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বর্তমানে এই মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ-এর তত্ত্বাবধানে চলমান রয়েছে।