দেশের সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তথ্য হালনাগাদ করার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (১০ মার্চ) নির্বাচন কমিশন থেকে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছে পাঠানো এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।
নির্দেশনায় সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের তথ্য আগামী ১৫ মার্চের মধ্যে জরুরি ভিত্তিতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর তথ্য নির্ধারিত ‘ছক’ অনুসরণ করে সংগ্রহ করতে হবে। এরপর সংগৃহীত এই তথ্য হার্ড কপি ও সফট কপি আকারে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা শাখায় জমা দিতে হবে। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছ থেকে প্রাপ্ত এই তথ্য পরে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের মাধ্যমে একীভূত করে নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠাতে বলা হয়েছে।