জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় ‘দেখে দেখে পড়া অনুমোদিত নয়’ বলে স্পষ্টভাবে জানিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
রোববার (১৫ মার্চ) রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে দুই সংসদ সদস্য লিখিত বক্তব্য পাঠ করলে স্পিকার তাঁদের এই নির্দেশনা দেন। তিনি সংসদ সদস্যদের ভবিষ্যতে নোট ব্যবহার করে হাউসের দিকে তাকিয়ে বক্তব্য দেওয়ার অভ্যাস করার অনুরোধ জানান।
আলোচনায় অংশ নিয়ে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মাসুদ বিন সাঈদী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য অলি উল্লাহ সংসদে লিখিত বক্তব্য পড়ে শোনান। তাঁদের উদ্দেশে স্পিকার বলেন, ‘সংসদে দেখে দেখে পড়া অ্যালাউড না। আপনি পয়েন্ট বা নোট রাখতে পারেন, তবে হাউসের দিকে তাকিয়ে বক্তব্য রাখাটাই সংসদের রেওয়াজ। এটি সবার মান্য করা উচিত।’
গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। প্রথম দিনেই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিরোধী দলের সদস্যরা সংসদে বিক্ষোভ প্রদর্শন করেন এবং একপর্যায়ে সংসদ থেকে ওয়াকআউট করেন।
উল্লেখ্য, কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের এই প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। সংসদীয় রীতিনীতি বজায় রেখে কার্যকর আলোচনার মাধ্যমে অধিবেশন পরিচালনার ওপর জোর দিচ্ছেন নবনির্বাচিত স্পিকার।