পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৯ মার্চ) পাঠানো এক বিশেষ বার্তায় তিনি এই অভিনন্দন জানান। উৎসবের এই আবহে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
শুভেচ্ছা বার্তায় নরেন্দ্র মোদি বলেন, ‘ঈদ মোবারক! ভারতের সরকার ও জনগণের পক্ষ থেকে আমি আপনাকে এবং বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে পবিত্র ঈদুল ফিতরের এই আনন্দঘন উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।’ তিনি উল্লেখ করেন, এক মাসব্যাপী সিয়াম সাধনা ও ইবাদতের পর এই উৎসব সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্প্রীতির চিরন্তন মূল্যবোধকে স্মরণ করিয়ে দেয়।
ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমরা বিশ্বব্যাপী সব মানুষের জন্য শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য ও সুখ কামনা করি। আমাদের দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্ব ও সৌহার্দ্যের বন্ধন আগামীতে আরও সুদৃঢ় হোক—এটাই আমার প্রত্যাশা।’
উল্লেখ্য, রমজান মাস শেষে চাঁদ দেখা সাপেক্ষে সারা বিশ্বে মুসলমানরা ঈদুল ফিতর উদযাপন করছেন। সেই প্রেক্ষাপটেই প্রতিবেশী দেশ হিসেবে ভারতের পক্ষ থেকে এই আনুষ্ঠানিক শুভেচ্ছা জানানো হলো।