দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. রুহুল কুদ্দুস কাজল। বুধবার (২৫ মার্চ) আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতি কর্তৃক দেওয়া এই নিয়োগ আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তিনি এই দায়িত্বে বহাল থাকবেন।
অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পাওয়ার আগে রুহুল কুদ্দুস কাজল বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক এবং বাংলাদেশ বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৯৯৫ সালে ঢাকা জেলা ও দায়রা জজ আদালতে আইন পেশা শুরু করেন। পরবর্তীতে ১৯৯৬ সালে হাইকোর্ট এবং ২০০৮ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তালিকাভুক্ত হন। ২০২৩ সালে তিনি সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) ও এলএলএম সম্পন্ন করেন। পরবর্তীতে ২০০৫ সালে ইউনিভার্সিটি অব লন্ডন থেকে এলএলবি এবং ২০০৬ সালে সিটি ইউনিভার্সিটি থেকে বার ভোকেশনাল কোর্স সম্পন্ন করে যুক্তরাজ্যের লিংকনস ইন থেকে ব্যারিস্টার-অ্যাট-ল ডিগ্রি অর্জন করেন।
আইন পেশার পাশাপাশি তিনি ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে কূটনৈতিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ছাত্রজীবনে তিনি সাংবাদিকতার সাথেও যুক্ত ছিলেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৮ আগস্ট ১৭তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পাওয়া জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য গত বছরের ২৭ ডিসেম্বর পদত্যাগ করেন। এরপর থেকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করছিলেন। মো. আসাদুজ্জামান বর্তমানে বিএনপির এমপি হিসেবে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে রয়েছেন।