চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা জুন মাসের প্রথমার্ধে শুরু করার পরিকল্পনা করেছে শিক্ষা বোর্ডগুলো। এবারের পরীক্ষায় দেশের সব শিক্ষা বোর্ডে প্রথমবারের মতো অভিন্ন প্রশ্নপত্র ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (৩০ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে আয়োজিত এক সভায় পরীক্ষা পদ্ধতি ও সময়সূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় সব বোর্ডের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
পরীক্ষার সম্ভাব্য সময়সূচি প্রসঙ্গে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির বলেন, ‘জুন মাসে পরীক্ষা শুরুর বিষয়ে আলোচনা হয়েছে, তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আমরা আমাদের পক্ষ থেকে সম্ভাব্য সূচি মন্ত্রণালয়ে পাঠাব। মন্ত্রণালয় চূড়ান্ত অনুমোদন দিলে তবেই তারিখ নিশ্চিত করা সম্ভব হবে।’
বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দিকী জানান, বৈঠকে ৭ জুন (রোববার) থেকে পরীক্ষা শুরুর বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এর আগে কেবল মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হতো। চলতি বছর থেকে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডকেও এই পদ্ধতির আওতায় আনা হচ্ছে। ফলে এবার মোট ১১টি শিক্ষা বোর্ডে একযোগে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।