ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ এবং শেরপুর-৩ আসনের উপনির্বাচন উপলক্ষে আগামী ৯ এপ্রিল সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (৩০ মার্চ) নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
ভোটগ্রহণের দিন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট এলাকার সব কর্মকর্তা-কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ করে দিতে ইসি থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠানো হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘আগামী ৯ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ শূন্য আসনের নির্বাচন এবং শেরপুর-৩ আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণের দিন নির্বাচনী এলাকার সব অফিস ও সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ ভোটাধিকার প্রয়োগের সুবিধার্থে ওই এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা প্রয়োজন।’