সুস্থ ধারার চলচ্চিত্র ও দেশীয় সংস্কৃতিকে উৎসাহিত করতে প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির সীমান্ত সম্ভার সিনেমা হলে সশরীরে উপস্থিত হয়ে তিনি ঈদে মুক্তিপ্রাপ্ত ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্রটি উপভোগ করেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রধানমন্ত্রী সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে সিনেমা হলে পৌঁছান। তিনি বলেন, সৃজনশীল নির্মাতা ও অভিনেতা-অভিনেত্রীদের কাজের প্রতি আগ্রহ বাড়াতেই প্রধানমন্ত্রীর এই ঝটিকা সফর। এর ফলে আগামীতে দেশের চলচ্চিত্র অঙ্গন আরও সমৃদ্ধ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, এবারের ঈদে বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তানিম নূর পরিচালিত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে এটি নির্মিত হয়েছে। বুড়িগঙ্গা টকিজের প্রযোজনায় চলচ্চিত্রটির সহ-প্রযোজনায় রয়েছে হইচই স্টুডিওস এবং সার্বিক সহযোগিতায় ছিল ডোপ প্রোডাকশন্স।
তারকাবহুল এই সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, ইন্তেখাব দিনার, শ্যামল মাওলা, সাবিলা নূর, শরীফুল রাজ, লাবণ্য চৌধুরী ও শামীমা নাজনীন। সরকারি ব্যস্ততার মাঝেও প্রধানমন্ত্রীর এমন সাংস্কৃতিক সম্পৃক্ততা দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি করেছে।