নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদে সদ্য পাস হওয়া ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল-২০২৬’-এর ওপর আলোচনার দাবি জানান বিরোধীদলীয় সংসদ সদস্যরা। তবে মাগরিবের নামাজের সময় হওয়ায় তাঁদের উদ্দেশে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, ‘মাননীয় সদস্যবৃন্দ, মাগরিবের নামাজের জন্য আধা ঘণ্টা বিরতি দেওয়া হলো। ফিরে এসে আপনাদের কথা শুনবো। নামাজটা আগে পড়ে নেন তারপর শুনবো আপনাদের কথা।’
শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় সংসদ অধিবেশনে বিলটি পাসের প্রক্রিয়া চলাকালে স্পিকার এই বিরতি ঘোষণা করেন।
এর আগে, চব্বিশের গণঅভ্যুত্থানের ইতিহাস, নিদর্শন ও দলিলাদি সংরক্ষণসহ গবেষণা ও প্রদর্শনের লক্ষে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল-২০২৬’ সংসদে পেশ করেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিলটি উপস্থাপনের পর কণ্ঠভোটে তা সর্বসম্মতিক্রমে পাস করা হয়। পাসের পর বিলটির ওপর বিরোধীদলীয় সদস্যদের বক্তব্য দেওয়ার কথা থাকলেও নামাজের বিরতির কারণে স্পিকার তা বিরতি পরবর্তী সময়ের জন্য মুলতবি করেন।