উচ্চ বেতন ও বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে ৩০ বাংলাদেশি যুবককে রাশিয়ায় পাঠিয়ে প্রতারণার অভিযোগে তিনটি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল ও জামানত বাজেয়াপ্ত করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
বাতিল হওয়া এজেন্সিগুলো হলো— আর এস ইন্টারন্যাশনাল (আরএল-১৪২৮), জাবাল-ই-নূর (আরএল-২৫০৫) এবং টিএস ওভারসিস লিমিটেড (আরএল-১৭৫৫)।
মন্ত্রণালয় জানিয়েছে, প্রতারণার শিকার ওই ৩০ বাংলাদেশিকে দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে মস্কোতে বাংলাদেশ দূতাবাসকেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রী আরিফুল হক চৌধুরী কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, বিদেশে কর্মসংস্থানের নামে প্রতারণা ও মানবজীবন ঝুঁকিতে ফেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। ভবিষ্যতে এ ধরনের অপরাধ ঠেকাতে নজরদারি আরও জোরদার করা হবে।
বিদেশগামী নাগরিকদের যেকোনো এজেন্সির মাধ্যমে যাওয়ার আগে তাদের বৈধতা যাচাই করার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।