আগামীকাল বৃহস্পতিবার (২ জুলাই) থেকে শুরু হচ্ছে দেশব্যাপী এইচএসসি ও সমমান পরীক্ষা। পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত রাখতে ঢাকা থেকেই সারাদেশের সব পরীক্ষা কেন্দ্র সরাসরি মনিটরিং করা হবে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বুধবার (১ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং শিক্ষা মন্ত্রণালয়ে একটি কেন্দ্রীয় মনিটরিং সেল গঠন করা হয়েছে, যেখান থেকে দেশের যেকোনো কেন্দ্রের পরীক্ষা পর্যবেক্ষণ করা যাবে।
তিনি আরও জানান, প্রতিটি কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার কাছে বডি-ওর্ন ক্যামেরা থাকবে। মোট ৭৭টি বিষয়ের পরীক্ষা ২১ দিনে অনুষ্ঠিত হবে। যেদিন পরীক্ষা থাকবে না, সেদিন সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত শ্রেণি কার্যক্রম চলবে।
এ বছর ১১টি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। পরীক্ষাকেন্দ্র ২ হাজার ৬৯৭টি এবং অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৯ হাজার ৪৩৯টি।