আগামী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে এবং আগামী বছরের অক্টোবরের মধ্যে এ নির্বাচন শেষ হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
তথ্য উপদেষ্টা বলেন, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন ইতোমধ্যে রোডম্যাপ তৈরির কাজ করছে।
এ সময় অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে জনগণের অভিযোগ প্রসঙ্গে তিনি জানান, গত জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অনিরাপদ খাদ্য ব্যবস্থাপনা ঠেকাতে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, খাদ্য উৎপাদন ও সংরক্ষণ পর্যায়ে ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের অভিযোগ রয়েছে। এ বিষয়ে খাদ্য ব্যবসায়ীদের তথ্য সংগ্রহ করে একটি ডাটাবেজ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সাভারে এনসিপির জনসভায় ককটেল বিস্ফোরণের ঘটনায় তদন্ত করা হবে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কটূক্তির বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, এ ধরনের মন্তব্য অত্যন্ত দুঃখজনক। তবে বিদ্যমান আইনি কাঠামোর মধ্যে বিষয়টি অপরাধ হিসেবে গণ্য হবে কি না, তা নিয়ে আলোচনা চলতে পারে।