দেশের প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে এমন একটি চিকিৎসাবান্ধব স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যাতে চিকিৎসার জন্য কাউকে আর বিদেশে যেতে না হয়।
শনিবার (৮ আগস্ট) সকালে জাতীয় সংসদের এলডি হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সরকার এমন একটি উন্নত ও মানসম্মত স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে দেশের সব নাগরিক নিজ দেশেই প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাবেন। উন্নত চিকিৎসার জন্য কাউকে যেন বাধ্য হয়ে বিদেশমুখী হতে না হয়, সে লক্ষ্যেই স্বাস্থ্য খাতের সংস্কার ও সেবার মানোন্নয়নে কাজ করা হচ্ছে।
চিকিৎসকদের রাজনৈতিক সম্পৃক্ততা প্রসঙ্গে তিনি বলেন, দলীয় রাজনীতি বা মতাদর্শ যেন চিকিৎসকদের পেশাগত দায়িত্ব ও রোগীদের সেবাদানে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি না করে। এ বিষয়ে চিকিৎসকদের সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান জানান তিনি।
দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে অপপ্রচারের অভিযোগ তুলে প্রধানমন্ত্রী বলেন, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ খাতকে সংকটময় হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। সরকার স্বল্পমেয়াদি সুবিধার পরিবর্তে দীর্ঘমেয়াদে একটি টেকসই ও শক্তিশালী জ্বালানি ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে।
তিনি বলেন, দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ খাতকে অস্থিতিশীল বা বিতর্কিত করতে যারা অপপ্রচারে যুক্ত রয়েছে, তাদের বিষয়ে দেশবাসীকে সচেতন থাকতে হবে।
এর আগে সকাল সাড়ে ৯টায় জাতীয় সংসদ প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, পরিবেশবান্ধব চারারোপণ এবং শান্তির পায়রা উড়িয়ে ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলসহ সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।