ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১১ আগস্ট) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, ‘র’-এর প্রধান চীন থেকে ঢাকায় এসেছেন। এটি তার একটি সফর। এ নিয়ে জল্পনার কিছু নেই। সফর শেষে সরকার এ বিষয়ে কোনো বিবৃতি দিতে পারে বলেও জানান তিনি।
এসএসসি ও সমমান পরীক্ষায় এবার পাসের হার ও জিপিএ-৫ কমে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, অতীতে যেনতেনভাবে নম্বর দেওয়া ও পাস করানোর প্রবণতা ছিল। বর্তমান সরকার শিক্ষার মানের দিকে গুরুত্ব দিচ্ছে।
জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন ও নিরাপদ সরবরাহ নিশ্চিত করতে বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি আমদানি, সংরক্ষণ, পরিবহন, বিতরণ ও বিপণন বিষয়ে নতুন নীতিমালার খসড়া প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। তার দাবি, প্রস্তাবিত নীতিমালার মাধ্যমে স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক ব্যবস্থা গড়ে তোলা হবে এবং কাউকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ থাকবে না।
সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন বলেও জানান ডা. জাহেদ। তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। ১৮০ দিন পূর্তির পর মন্ত্রিসভায় রদবদল হবে—এমন কোনো ইঙ্গিত সরকার দেয়নি বলেও উল্লেখ করেন তিনি।
ভারতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন প্রসঙ্গে ডা. জাহেদ বলেন, বাংলাদেশ এ বিষয়ে কঠোর অবস্থান জানিয়েছে। শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি ভারতকে গুরুত্বের সঙ্গে নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ প্রসঙ্গে তিনি জানান, বাংলাদেশকে প্রধানমন্ত্রী হিসেবে নয়, বিমসটেকের প্রেসিডেন্ট হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি ভারত থেকেও সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর সফরের আমন্ত্রণ এসেছে বলে জানান তিনি।
সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসান প্রসঙ্গে ডা. জাহেদ বলেন, শেখ হাসিনার সঙ্গে রাজনৈতিকভাবে সম্পৃক্ত ব্যক্তিরাও বাংলাদেশে ফিরলে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হবেন। তার দাবি, সাকিব আল হাসান কিংবা শেখ হাসিনা—যেই হোক, দেশে এলে প্রত্যেকেই নিরাপত্তা ও আইন অনুযায়ী বিচারিক প্রক্রিয়ায় সাংবিধানিক অধিকার পাবেন।