জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৯ হাজার ৩৩৩ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পের মধ্যে ছয়টি নতুন এবং চারটি সংশোধিত।
বুধবার (১৯ আগস্ট) পরিকল্পনা কমিশন চত্বরে অবস্থিত এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত প্রকল্পগুলোর মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৮ হাজার ৪৮৮ কোটি ৭১ লাখ টাকা। অবশিষ্ট অর্থ প্রকল্প ঋণ থেকে জোগান দেওয়ার কথা রয়েছে।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে—
🔹 ঢাকা মেডিক্যাল কলেজের ব্যবহার অনুপযোগী স্থাপনা প্রতিস্থাপন ও পুনর্নির্মাণ
🔹 ১০টি মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের জন্য ১৯টি আধুনিক হোস্টেল ভবন নির্মাণ
🔹 সড়ক ও জনপথ অধিদপ্তরের সেতু রক্ষণাবেক্ষণে স্মার্ট প্রযুক্তি উন্নয়ন
🔹 ধরলা নদীর ভাঙন থেকে লালমনিরহাট সদর উপজেলা রক্ষা
🔹 সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া-কুমিরা উপকূলীয় বাঁধ শক্তিশালীকরণ
🔹 গ্রাম সড়ক পুনর্বাসন ও শক্তিশালীকরণ
🔹 প্রাণিসম্পদ অধিদপ্তরের সক্ষমতা জোরদারকরণ
🔹 জামালপুরের মাদারগঞ্জে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ
🔹 ঢাকায় ডেসকো এলাকার বৈদ্যুতিক অবকাঠামো সম্প্রসারণ ও শক্তিশালীকরণ
🔹 রামু সেনানিবাসের অবকাঠামো উন্নয়ন
এ ছাড়া সভায় ৫০ কোটি টাকার কম ব্যয়ের মধ্যে ইতোমধ্যে অনুমোদিত নয়টি প্রকল্পের বিষয়েও একনেককে অবহিত করা হয়। এসব প্রকল্পের মধ্যে ভ্যাকসিন ও বায়োলজিক্স গবেষণা সক্ষমতা বৃদ্ধি, সুন্দরবন সুরক্ষা, বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ ব্যবস্থা উন্নয়ন এবং নিউ মিডিয়ার মাধ্যমে জনসেবা প্রদানের মতো উদ্যোগ রয়েছে।