এবারে থাইল্যান্ডে অনুষ্ঠিত মিস ইউনিভার্সের ৭৪তম আসর যেমন রঙিন, আলোড়নপূর্ণ তেমনি বিতর্কে ভরপুর। এবারের অসরে অংশ নেন ১২২ দেশের প্রতিযোগী। দক্ষিণ এশিয়া থেকে যারা অংশ নেন, তাদের মধ্যে ভারত বরাবরই আলোচনার শীর্ষে থাকলেও এবার কিছুটা ঠান্ডা। ভারতের মনিকা বিশ্বকর্মা আর পাকিস্তানের প্রতিযোগী রোমা রিয়াজের মধ্যে শেষ পর্যন্ত কার পারফরম্যান্স বেশি নজর কাড়ল বিশ্বমঞ্চে? ভারত নাকি পাকিস্তান?
থাইল্যান্ডে মিস ইউনিভার্স মঞ্চে পা রাখার পর থেকেই ব্যাপক বর্ণবাদী ও বডি–শেমিং মন্তব্যের শিকার হন পাকিস্তানের প্রতিযোগী রোমা রিয়াজ। উচ্চতা, গায়ের রং, কিছুটা ভারী শারীরিক গঠনের কারণে পাকিস্তানেরই কিছু মানুষের তীব্র কটাক্ষ শুরু হয় তাকে ঘিরে।
এমন ঘৃণাত্মক মন্তব্যের বিরুদ্ধে তিনি মুখ খোলেন ইনস্টাগ্রামে, একটি ভিডিওর মাধ্যমে তিনি বলেন, ‘ফরসা হওয়াই সৌন্দর্যের মাপকাঠি—এই “বিষাক্ত বিশ্বাস” থেকেই এমন সমালোচনার জন্ম।
তার মতে, বর্ণবাদী মানসিকতার কারণেই আমরা ফরসা হওয়ার পেছনে ছুটি এবং নিজেদের শিকড় ভুলে যাই।’ রোমা আরও বলেন, ‘আমার সবটুকু জুড়ে আমি একজন পাকিস্তানি। আমার এই গায়ের রং তাদেরই পরিচয় বহন করে, যারা আমাদের ঘর আর দেশটাকে গড়ে তুলেছেন।’
রোমার এই জবাবকে পাকিস্তানসহ বিশ্বের নানা প্রান্তের মানুষের মন কাড়ে। ভারতের মনিকা বিশ্বকর্মা, যিনি শুরুতে প্রশংসা পেলেও শেষ মুহূর্তে ছিটকে পড়েন। মিস ইউনিভার্সে তার রানওয়ে, বক্তব্য ও আত্মবিশ্বাসী উপস্থিতি প্রশংসা পেয়েছে বিচারক–দর্শক উভয়ের কাছেই। বিচারকদের মধ্যেই ছিলেন ভারতের ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল। মনিকা চমৎকার পারফর্ম করলেও আলোচনার ঝড়ে রোমার মতো কেন্দ্রবিন্দুতে ছিলেন না। এমনকি সেরা ১২–তে না ওঠা তার আলোচনার গতি আরও কমিয়ে দেয়। নজর কাড়ার দিক ভারতের মোনিকা এগিয়ে হলেও সামাজিক ট্যাবুর বিরুদ্ধে গিয়ে শক্ত অবস্থান নেওয়ার কারণে পাকিস্তানের রোমা বিশ্বমঞ্চে সবচেয়ে আলোচিত দক্ষিণ এশীয় প্রতিযোগী হয়ে ওঠেন। এমনকি এখনও তাকে নিয়ে থাইল্যান্ডের গণমাধ্যমগুলো টকশো করে বেরাচ্ছে।